ডিজিটাল বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ড পেল শাবিপ্রবি

৮ জানুয়ারি, ২০২০ ২১:৩৩  
দেশে প্রথমবারের মতো ডিজিটাল বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ড পেয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ শাবিপ্রবিকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। বুধবার (৮ ডিসেম্বর) ‘তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯’ উপলক্ষ্যে সম্মাননা প্রদান অনুষ্ঠানে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাবিপ্রবির পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান। শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ডিজিটাল অ্যাওয়ার্ড পেয়েছি আমরা। এটি আমাদের একটি বিশাল অর্জন। আমাদের ক্যাম্পাসকে ডিজিটাল করার ঘোষণা দিয়েছিলাম। সেই লক্ষ পূরণে আমরা কাজ করেছি। যার ফলে আজ আমাদের এই অর্জন। তিনি আরও বলেন, পরিশ্রম করলে আপনি তার ফল পাবেন। ক্যাম্পাসকে ডিজিটালাইজড করতে আমরা পরিশ্রম করেছি তার ফল হিসেবে আমাদের পুরস্কার দেয়া হয়েছে। আমাদের ক্যাম্পাসের সার্বিক দিক বিবেচনায় এই অ্যাওয়ার্ড দেয়া হয়েছে বলেও জানান তিনি।